লাইফস্টাইল
টিফিন বক্সে খাবার রাখার ভুলেও হতে পারে পেটের রোগ, জেনে নিন করনীয়
বর্ষাকালে পেটের সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। অনেকেই বলেন, “বাড়ির খাবার খাচ্ছি, তারপরও গ্যাস্ট্রিক, অম্বল, বমি ভাব যাচ্ছে না!” অথচ আপনি হয়তো খেয়ালই করছেন না, সমস্যা হতে পারে আপনার টিফিন বাক্স থেকেই।
অফিস, স্কুল বা বাইরে যাওয়া মানেই সঙ্গে থাকে একটা খাবারের বক্স। আর সেখানেই যদি অজান্তেই কিছু ভুল থেকে যায়, তা হলে সেটা হয়ে উঠতে পারে পেটের রোগের বড় কারণ।

টিফিন বাক্সে যেসব ভুলে হতে পারে সমস্যা-
১️. গরম খাবার সরাসরি রাখবেন না: খাবার ঠান্ডা না করে টিফিনে রাখলে বাক্সের ভেতর আর্দ্রতা তৈরি হয়, যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে সাহায্য করে।
২️. ভেজা টিফিনে খাবার নয়: বাক্স ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর খাবার রাখুন। ভেজা টিফিনে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়।
৩. দুধ, দই, পনির বা ক্রিম জাতীয় খাবার: এই সব খাবার বর্ষাকালে দ্রুত নষ্ট হয়। খুব দ্রুত খাওয়ার সুযোগ না থাকলে এসব খাবার এড়িয়ে চলুন।
৪. ভাজাপোড়া বা অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার: লুচি, চপ, পরোটা — ঠান্ডা হলে আরও ক্ষতিকর হয়ে পড়ে। হজমে সমস্যা তো হবেই।
৫. কাঁচা শাক-সবজি ও স্যালাড নয়: বর্ষার আর্দ্র পরিবেশে কাঁচা সবজিতে দ্রুত জীবাণু জন্মায়। সেদ্ধ বা ভাপ দেওয়া সবজি নিন।
৬. চিংড়ি বা সামুদ্রিক মাছ: এই সময় এগুলো দ্রুত পচে যেতে পারে। ফলে বিষক্রিয়ার আশঙ্কা বেশি।
৭. কাটা ফল টিফিনে নয়: ফল কেটে রাখলে তার মধ্যে ছত্রাক জন্মাতে পারে। বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে সংক্রমণ হতে পারে।
৮. নারকেল দেওয়া রান্না: যেমন নারকেল দিয়ে মাছ বা সবজি—এগুলো বর্ষায় দ্রুত নষ্ট হয়।
৯. চাটনি, আচার না নেওয়াই ভালো: বিশেষ করে নারকেল বা পুদিনার চাটনি, তেঁতুলের আচার—এগুলো দীর্ঘক্ষণ টিফিনে থাকলে সালমোনেলা বা অন্যান্য ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
১০ দই-ভাত, ঘি-পোলাও, খিচুড়ি: এইসব খাবার বর্ষায় তাড়াতাড়ি টক হয়ে যায়, যা পেটে গোলমালের কারণ হতে পারে।

তাহলে টিফিনে কী খাবেন?
রুটি বা হালকা ভাজা পরোটা- বাটার পেপারে প্যাক করুন, প্লাস্টিকে নয়।
ভাল করে সেদ্ধ সবজি- হালকা মশলা দিয়ে শুকনো রান্না করুন।
গোটা ফল- কলা, আপেল, পেয়ারা। কাটা নয়, গোটা নিয়ে গিয়ে খাওয়ার সময় কেটে খান।
ফাইবার ও প্রোটিনযুক্ত খাবার- সেদ্ধ ছোলা, ভাজা বাদাম, রোস্টেড মাখানা, নানা ধরনের বীজ বা কিনোয়া স্যালাড।
ভাতের বদলে ইডলি বা মুগডালের চিলা- এগুলো বেশি সময় টাটকা থাকে এবং হজমে ভালো।