লাইফস্টাইল
‘দুধ দিয়ে গোসল’ ভাইরাল কেন? জানুন এর ইতিহাস ও উপকারিতা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। পারিবারিক দ্বন্দ্ব ও তৃতীয় স্ত্রীকে মৌখিক তালাক দেওয়ার পর তিনি নিজেই প্রকাশ্যে এই কার্যকলাপের ভিডিও প্রকাশ করেন। ফলে সামাজিকমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয় এই 'দুধ দিয়ে গোসল' ইস্যু।
তবে বিষয়টি শুধু হিরো আলমকে ঘিরেই নয়—প্রাচীনকাল থেকেই দুধ দিয়ে গোসলের রীতি বিভিন্ন সংস্কৃতিতে চলে আসছে। এটি কখনো পরিচ্ছন্নতা, কখনো পবিত্রতা, আবার কখনো সৌন্দর্যচর্চার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধর্মীয় আচার ও শুদ্ধতার প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসলের প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয়, এটি শারীরিক ও আত্মিক পবিত্রতার প্রতীক। ইতিহাস বলছে, রোমান সভ্যতায় ধনী নারীরা নিয়মিত দুধ মিশ্রিত পানিতে গোসল করতেন, ত্বকের সৌন্দর্য ধরে রাখার উদ্দেশ্যে। আবার মিশরের বিখ্যাত রানি ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্যও বলা হয় তার দুধ দিয়ে গোসলের অভ্যাস।

প্রাচীন এই রীতিকে ঘিরে অনেক সংস্কার থাকলেও আধুনিক বিজ্ঞান বলছে, দুধ দিয়ে গোসল করলে কিছু বাস্তব উপকারিতা পাওয়া যেতে পারে-
১. ত্বকের আর্দ্রতা ধরে রাখে
দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অসাধারণ ভূমিকা রাখে। এতে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে নরম ও নমনীয় করে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। গভীরভাবে ময়েশ্চারাইজিং হয়।
২. রোদে পোড়াভাব দূর করে
দুধে থাকা প্রোটিন,ভিটামিন এ এবং ডি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। রোদ থেকে ঘুরে আসার পর দুধ দিয়ে গোসল করতে পারেন। দুধ দিয়ে গোসলের সময় পানিতে অ্যালোভেরা মিশিয়ে নিলে বেশি উপকার পাওয়া যায়।
৩. ত্বকের মৃত কোষ দূর করে
দুধের ভেতর রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা একধরনের প্রাকৃতিক হাইড্রোক্সি অ্যাসিড । এই উপাদানটি ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

৪. প্রাকৃতিক উজ্জ্বলতা আনে
দুধে থাকা এনজাইম ও ভিটামিন ত্বকের কালচে ভাব দূর করে, ত্বকের রঙ সমান করে তোলে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে মুখ ও শরীরের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। এটি ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, ফলে ত্বকে আসে স্বাভাবিক উজ্জ্বলতা।
যেভাবে গোসল করবেন
প্রথমে বাথটাব বা বালতি কুসুম গরম পানি দিয়ে ভরে নিন। চাইলে গরম পানিতে নিমপাতা ও তুলসি পাতা জ্বাল দিয়ে নিতে পারেন। এবার পানিতে গোলাপের পাপড়ি ও পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট নিজেকে সেই পানিতে ডুবিয়ে রাখুন। সপ্তাহে ২–৩ দিন দুধ দিয়ে গোসল করলে ত্বকের যত্নে ভালো ফল পাওয়া যায়।