লাইফস্টাইল
শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া সমাধান
প্রকৃতিতে এখন হেমন্তের আমেজ। সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর তার প্রভাব পড়ছে আমাদের ত্বক ও ঠোঁটে। অনেকেই এখন থেকেই ঠোঁট ফাটা বা শুষ্কতার সমস্যায় ভুগছেন। আসলেই শীত পুরোপুরি নামার আগেই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।
তবে চিন্তার কিছু নেই—কিছু ঘরোয়া উপায় মেনে চললেই ঠোঁট থাকবে নরম, মসৃণ আর আর্দ্র।

অলিভ অয়েল ও চিনির স্ক্রাব-
এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ চিনি আর আধা চা চামচ বেসন মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক স্ক্রাব। ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ পর ভেজা হাতে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ দূর করবে, ঠোঁট হবে মসৃণ ও উজ্জ্বল।
নারকেল তেল বা ভিটামিন ই অয়েল-
রাতে ঘুমানোর আগে ঠোঁটে সামান্য নারকেল তেল বা ভিটামিন ই অয়েল লাগান। সকালে উঠে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ঠোঁটে আর্দ্রতা বজায় থাকবে, ফাটাও কমবে।

বিটরুট ও গোলাপের ভ্যাসলিন-
একটু ভিন্ন কিছু চাইলে বিটরুটের রস ও গোলাপের পাপড়ি একসঙ্গে জ্বাল দিন, ঘন হয়ে এলে ঠান্ডা করে তাতে ভ্যাসলিন মিশিয়ে রাখুন। এই প্রাকৃতিক লিপবাম ঠোঁটকে শুধু নরমই করবে না, হালকা গোলাপি আভাও দেবে।

দৈনন্দিন যত্নে যেগুলো মনে রাখবেন-
* দিনে কয়েকবার ভ্যাসলিন বা ভালো মানের লিপবাম ব্যবহার করুন।
* প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন—শরীরের আর্দ্রতা রক্ষা ঠোঁটের জন্যও দরকারি।
* ধূমপান ও মদ্যপান পরিহার করুন—এগুলো ঠোঁটের রঙ ও স্বাস্থ্য নষ্ট করে।
* রোদে বের হলে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন, এতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁট সুরক্ষিত থাকবে।