জাতীয়

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে নেত্রকোনা থেকে দুই ভাই গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৯ পিএম

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে নেত্রকোনা থেকে দুই ভাই গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার প্রয়াত ইউনুস ব্যাপারীর দুই ছেলে— সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তাঁদের মধ্যে রাজীব মামলার ১০ নম্বর ও সজীব ৭ নম্বর আসামি। পুলিশ জানায়, তাঁরা সম্পর্কে আপন ভাই।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম আজ ভোরে আমাদের সহযোগিতায় দুর্গাপুরের চায়না মোড়ে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।”

গত বুধবার (৯ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদকে একদল সন্ত্রাসী বর্বরভাবে হত্যা করে। ব্যস্ত সড়কের মাঝে প্রকাশ্যে তাঁকে ডেকে নিয়ে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে মরণ নিশ্চিত করা হয়— যা দেশের সচেতন মহলকে স্তব্ধ করে দেয়।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার নিহত লাল চাঁদের বড় বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, আজ রাজীব ও সজীবকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হলো। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশজুড়ে আলোড়ন তোলা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক সংগঠন। প্রশাসন জানিয়েছে, এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।