জাতীয়
গোপালগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির পর জারি করা কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঘোষিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কারফিউ প্রত্যাহার হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে, যাতে জনগণ নিত্যপ্রয়োজনীয় কাজ ও সরবরাহ সংগ্রহ করতে পারে। তবে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও কারফিউ জারি থাকবে।
বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা, জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, কারফিউ কার্যকর রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখবেন।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সহিংসতায় চারজন নিহত ও অনেকে আহত হন। ঘটনার পর রাতেই গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নাগরিকদের শুধুমাত্র অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুজব ও ভুয়া তথ্য থেকে দূরে থাকতে এবং দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানানো হয়েছে।