জাতীয়
ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল, স্টারলিংকের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ
বিশ্বজুড়ে আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এ উপলক্ষে ঢাকায় অবস্থান করছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি স্পেসএক্স-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে এই প্রতিনিধি দল আজ বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে স্টারলিংকের সেবার ধরন, প্যাকেজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থাকবেন।
সূত্র মতে, স্টারলিংক ইতোমধ্যেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে দুটি গুরুত্বপূর্ণ লাইসেন্স—স্যাটেলাইট অপারেটর এবং রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স অর্জন করেছে, যার বৈধতা ১০ বছর।
সেবাটি চালু হলে দেশের দুর্গম, সীমান্তবর্তী এবং ইন্টারনেট-বঞ্চিত এলাকাগুলোতে উচ্চগতির ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। জানা গেছে, স্টারলিংক প্রাথমিকভাবে দুইটি প্যাকেজ চালু করতে যাচ্ছে—একটি মাসিক ৬,০০০ টাকায়, অন্যটি ৪,২০০ টাকায়। তবে যেকোনো প্যাকেজ নিতে গ্রাহককে এককালীন ৪২ হাজার টাকা দিয়ে সেটআপ কিট কিনতে হবে।
স্পেসএক্সের প্রতিনিধি দলটি আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) পরিদর্শনে যাবেন। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
দিনের শেষাংশে তারা হাতিরঝিলে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জন্ম” অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে একটি বিশেষ ড্রোন শো উপভোগ করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামীকাল ১৯ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে।