জাতীয়
১ বছর আগে বিয়ে করা পাইলট তৌকিরের স্বপ্নের আকাশেই নিভে গেল আলো
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে রাজশাহীর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২১ জুলাই) দুপুরে রাজশাহীর নিজ গ্রামে গিয়ে দেখা যায়, শোকার্ত পরিবার-পরিজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
সাগরের মামা শওকত আলী জানান, “ছোটবেলা থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পরিবার চেয়েছিল সেনাবাহিনীর অফিসার হোক, কিন্তু সে নিজের স্বপ্নের পথেই ছিল অটল। পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী।”
শিক্ষাজীবনে সাগর রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে, পাইলট হিসেবে গর্বের সাথে দায়িত্ব পালন করছিলেন।
তৌকিরের আরেক মামা সেলিম জানান, “প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাত্র দুই মাস আগে। তাঁর স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।”
তৌকির ইসলাম সাগরের দাফন আগামীকাল রাজশাহীতেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।
একজন সাহসী পাইলট, একজন স্বপ্নবাজ তরুণ, এক নববিবাহিত জীবনসঙ্গী-সব কিছুর সমাপ্তি ঘটেছে একটি দুর্ঘটনায়। দেশের মানুষের কাছে তৌকির ইসলাম সাগর আজ বেদনার এক প্রতীক।