জাতীয়
বিমান বিধ্বস্তে নিহত-আহতদের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রণালয়
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো তথ্য বিবরণীতে এই তালিকা প্রকাশ করা হয়।
হালনাগাদ তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন শিশু। এছাড়াও পাইলটসহ চারজন প্রাপ্তবয়স্কের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের তালিকায় আরও কয়েকজনের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ১৫ জন সেনাসদস্য, একজন করে স্কুল স্টাফ, দমকলকর্মী, পুলিশ সদস্য, ইলেকট্রিশিয়ান ও গৃহকর্মী রয়েছেন। এছাড়া আরও ৪ জন আহত ব্যক্তির পরিচয় ‘অন্যান্য’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতদের সম্পর্কে সঠিক ও তাৎক্ষণিক তথ্য জানাতে একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এই দায়িত্ব পালন করছেন ডেপুটি সিভিল সার্জন সরকার ফারহানা কবীর। সংশ্লিষ্ট কেউ প্রয়োজনে তার সঙ্গে ০১৭৯২৭৪৪৩২৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
নিহত-আহতদের হালনাগাদ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিকেলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজন।