জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাষ্ট্রদূতকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি সৌদি রাষ্ট্রদূতের মেয়াদে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অধ্যাপক ইউনূস বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি সৌদি আরবকে বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান, সাশ্রয়ী শ্রমশক্তি এবং প্রাকৃতিক সম্পদ এই বিনিয়োগে সহায়ক হবে। বিশেষ করে জ্বালানি, স্বাস্থ্য শিক্ষা এবং ফার্মাসিউটিক্যাল খাতে সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জানান, সৌদি বিনিয়োগ কোম্পানি ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ ইতোমধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার জন্য একটি ইনস্টিটিউট এবং বিভিন্ন শহরে আটটি মসজিদ নির্মাণে ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সৌদি সরকার।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আগামী অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামের ৯ম বৈঠকে অংশগ্রহণের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত সফরের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি সৌদি রাষ্ট্রদূতকে জুলাই মাসের “গ্রাফিতি সংগ্রহ” উপহার হিসেবে প্রদান করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস