জাতীয়

পুলিশের ১১ অতিরিক্ত এসপি ও এএসপির বদলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম

পুলিশের ১১ অতিরিক্ত এসপি ও এএসপির বদলি
ছবি: সংগৃহীত

সারা দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশের ১১ জন কর্মকর্তাকে বদলি করে নতুন স্থানে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে বদলি করা হয়েছে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে। পুলিশ সদরদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। এছাড়া র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে পুলিশ সদরদপ্তরে।

অপরদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে বদলি হয়েছেন সাতজন। পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।