জাতীয়
ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ৯ প্রতিশ্রুতি ঘোষণা ছাত্রদলের
ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নপূরণের লক্ষ্যকে সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সমাবেশ থেকে এই প্রতিশ্রুতিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দেশের ছাত্রসমাজের ন্যায়সঙ্গত দাবি ও স্বপ্ন বাস্তবায়নে এই ৯ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়—বরং একটি বাস্তব কর্মপরিকল্পনা। সংগঠনটি প্রতিটি দফা বাস্তবায়নে সক্রিয় ও আন্তরিক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
ঘোষিত ৯ দফা প্রতিশ্রুতি হলো:
১. শিক্ষাঙ্গন থেকে গেস্টরুম নির্যাতন ও সন্ত্রাসের অবসান: গণরুম সংস্কৃতি, রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং জোরপূর্বক কর্মসূচিতে অংশ নেওয়ার বাধ্যবাধকতার অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
২. আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ: নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ ও পড়ালেখার উপযোগী পরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
৩. সবার জন্য অধিকার ও নারীর নিরাপত্তা: ধর্ম, বর্ণ, জাতিসত্তা ও লিঙ্গনির্বিশেষে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
৪. সার্বজনীন ও মানবিক শিক্ষানীতি প্রণয়ন: জাতীয় স্বার্থ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার ভিত্তিতে নতুন শিক্ষানীতি প্রণয়ন প্রক্রিয়ায় ভূমিকা রাখা হবে।
৫. দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা: প্রশ্নফাঁস, দুর্নীতি ও বৈষম্য বন্ধ করে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
৬. মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের নেতৃত্ব: মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ছাত্রদল।
৭. সংস্কৃতি ও জাতীয়তাবাদের বিকাশে আন্দোলন: ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদের ভিত্তিতে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা হবে।
৮. ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করা: শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং তাতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
৯. গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্র-জনতার ঐক্য: মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষায় ছাত্রদল ছাত্র-জনতার পাশে থেকে কাজ করে যাবে।
ছাত্রদলের নেতারা সমাবেশে বলেন, এই ৯ দফা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পথরেখা তৈরি করবে এবং দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখন সময় এসেছে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বের। এই ঘোষণার মাধ্যমে একটি নতুন যাত্রার সূচনা হলো বলে মত দেন তারা।