জাতীয়

কক্সবাজারে নয়, ওয়াশিংটনেই রয়েছেন পিটার হাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

কক্সবাজারে নয়, ওয়াশিংটনেই রয়েছেন পিটার হাস
সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এদিকে, একই দিনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এই সাবেক কূটনীতিক। তার অনুপস্থিতির মাঝেই গুঞ্জন উঠে, তিনি কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন।

তবে তদন্তে জানা গেছে, পিটার হাস কক্সবাজারে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন। তিনি বলেন, “উক্ত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই, তবে তিনজন চায়না নাগরিক অবস্থান করছেন। এনসিপির নেতাদের সঙ্গে কোনো গোপন বৈঠকের বিষয়েও কোনো তথ্য আমাদের কাছে নেই।”

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, “আমরা এখানে (কক্সবাজারে) ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে কোনো মিটিং হয়নি। আমরা হোটেলে চেক-ইন করে এমন গুজবের সংবাদ দেখে অবাক হয়েছি। এটি সম্পূর্ণ প্রোপাগান্ডা।”

কক্সবাজারে আসা এনসিপি নেতারা হলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক), সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক), হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক), তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব) ও খালেদ সাইফুল্লাহ (তাসনিমের স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক)

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানান গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা উপস্থিতির তথ্য পাওয়া যায়নি, বরং পিটার হাসের ওয়াশিংটনে অবস্থান নিশ্চিত হওয়ায় গুজবের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।