জাতীয়
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো অবতরণ করল বিমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। সোমবার (৪ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সফলভাবে অবতরণ করে এ ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে।
রোম থেকে আগত বিমানটি টার্মিনাল-৩ এর যাত্রী বোর্ডিং ব্রিজ (পিবিবি) এবং অত্যাধুনিক ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস) ব্যবহার করে অবতরণ ও যাত্রী নামানোর কাজ সম্পন্ন করে। ফ্লাইটটি পরিচালনা করেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন, যার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার তাহসিন।
অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোর্ডিং ব্রিজ, বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানি সরবরাহ ব্যবস্থাসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষ বলছে, এটি টার্মিনাল-৩ এর পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, যিনি এই অপারেশনাল পরীক্ষা সরাসরি প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পে জাপানি উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। বাকি অর্থের জোগান দিচ্ছে বাংলাদেশ সরকার।
তিনতলা বিশিষ্ট এ আধুনিক টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা ৩০ লাখ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। ভবনটি ৭০০ মিটার দীর্ঘ ও ২০০ মিটার প্রশস্ত। নকশাটি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিন, যিনি সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি হিসেবে পরিচিত।