জাতীয়
গত এক বছরের আমলনামা প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে প্রশাসনিক কাঠামোয় কী কী পরিবর্তন ও কার্যক্রম হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ে মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব/সিনিয়র সচিব পদে ৪৫ জন রয়েছেন।
এছাড়া অবসরপ্রাপ্ত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন ও সচিব পদে ১১৯ জনকে পদোন্নতি দেওয়া হয়।
অন্যদিকে, সর্বমোট ১৬৪ জন কর্মকর্তা গত এক বছরে নিয়মিত অবসরে গেছেন। একই সময়ে ২১ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সচিব ১৯ জন, গ্রেড-১ এর ১ জন এবং সচিব/সিনিয়র সচিব পদে ৯ জন রয়েছেন।
আইন ও বিধি প্রণয়নের ক্ষেত্রেও মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে ৩টি অধ্যাদেশ প্রণয়ন, ৩টি বিধিমালা সংশোধন, ১টি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ ও প্রবিধানমালা প্রণয়ন/সংশোধনের সুপারিশ করা হয়েছে।
প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় এক বছরে ২৪টি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ৮টি মামলা নিষ্পত্তি এবং ১৬টি মামলা বর্তমানে চলমান রয়েছে। তদন্ত শেষে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস এবং সাবেক সহকারী কমিশনার বেগম তাপসী তাবাসসুম উর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রতিবেদন মূলত অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসনিক কার্যক্রম ও সংস্কারের চিত্র তুলে ধরেছে।