জাতীয়

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান
বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তারেক রহমান দেশে ফিরবেন এবং সম্ভাব্যভাবে একাধিক আসনে নির্বাচনেও অংশ নিতে পারেন।”

তিনি আরও জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ওই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-পরবর্তী সরকার গঠন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং বিএনপির নির্বাচনী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, “মার্কিন প্রতিনিধি বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের গতিপথ এবং বিএনপির দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন। বৈঠকে তারেক রহমান পরিষ্কারভাবে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। বিএনপি একটি সুশাসনভিত্তিক, অংশগ্রহণমূলক এবং জনমুখী সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের প্রকৃত রায় যেন প্রতিফলিত হয়। এর মাধ্যমে দলটি রাজনৈতিক অচলাবস্থার সমাধান দেখতে চায়।

তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা থাকলেও এবার নির্বাচন সামনে রেখে দলীয় সূত্র ও ঘনিষ্ঠ মহলে তার সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন হলে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।