জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম

অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি আজ
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বছর পূর্ণ করল। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে দীর্ঘদিনের ক্ষমতাসীন শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। মাত্র তিন দিন পর, ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

গত এক বছরে সরকার রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা এবং প্রশাসনিক খাতে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ৩৬ দিনের রক্তাক্ত আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ এখন জাতীয় ঐকমত্যের প্রস্তাবে রূপ নিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগে। এ লক্ষ্যে ৬ আগস্ট নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সরকার ইতোমধ্যে গঠন করেছে একাধিক সংস্কার কমিশন—নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারী বিষয়ক খাতে। এসব কমিশনের সুপারিশ অনুযায়ী একাধিক ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়েছে।

অর্থনীতিতেও দেখা যাচ্ছে স্থিতিশীলতার আভাস। জুন মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা গত প্রায় তিন বছরে সর্বনিম্ন। ড. ইউনূস জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, বন্যা ও কৃষি ক্ষতির পরও বাজার ব্যবস্থাপনায় সরকারের সক্রিয়তা এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বিশেষ করে রমজান মাসে বাজারে স্থিতিশীলতা ছিল নজরকাড়া।

অর্থনীতির আরেকটি বড় সুখবর এসেছে প্রবাসী আয়ের খাতে। গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা রপ্তানি আয়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি এনেছে এবং টাকার মানও ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।

এছাড়া, বৈদেশিক দেনা পরিশোধের ক্ষেত্রেও অভাবনীয় অগ্রগতি হয়েছে। গত ১১ মাসে ৪ বিলিয়ন ডলারের বেশি সুদ ও ঋণ পরিশোধ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবুও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে বলেন, “এ এক যাত্রা বদলের—শুধু সরকারের নয়, গোটা জাতির। সামনে আরও চ্যালেঞ্জ, তবে আমরা আশাবাদী।”