সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, তবে...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।
তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু অতিরিক্ত বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, সীমিত আকারের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস তার বক্তব্যের ভিডিও পাঠালে অধিবেশনে সেটি প্রচার করা হবে।