সারাবিশ্ব

মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে ফেসবুকে যা লিখলেন শ্রীলেখা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে ফেসবুকে যা লিখলেন শ্রীলেখা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশটির ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এমন উদ্যোগের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতে বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির মধ্যে সরকার প্রদীপ জ্বালানোর আহ্বান জানানোয় এটিকে বেদনাদায়ক পরিহাস হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টিকে স্বৈরাচার আখ্যা দিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের ক্ষোভের কথা জানান শ্রীলেখা মিত্র।

পোস্টে তিনি লেখেন, মানুষের জীবনকে নরকের মতো পরিস্থিতিতে ফেলার পর তাদের প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো অদ্ভুত বৈপরীত্য। তিনি এটিকে বেদনাদায়ক পরিহাস বলেও উল্লেখ করেন।

ভারতীয় জনতা পার্টি ও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শ্রীলেখা অভিযোগ করেন, একটি স্বৈরাচারী গোষ্ঠী সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে এবং সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, ভারত কোন দিকে এগিয়ে যাচ্ছে এবং কেমন সমাজ তৈরি হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মহিমান্বিত করা হচ্ছে, আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের নানা তকমা দেওয়া হচ্ছে।

শ্রীলেখা আরও বলেন, এমন একটি সময়ে ভয় শাসনের হাতিয়ার হয়ে উঠছে এবং ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে। ভারতের বর্তমান পরিস্থিতিকে তিনি ঘোরতর পরিহাস ও অন্ধকার যুগ হিসেবেও উল্লেখ করেন।

ক্ষমতাসীনদের ঘোষিত কর্মসূচির সমালোচনা করে শ্রীলেখার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।