জাতীয়
মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা পেলেন প্রধান উপদেষ্টা
৩ দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিমানবন্দরে উপস্থিত থেকে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উচ্চপদস্থ কর্মকর্তা দল সফরে রয়েছেন।
সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে, গত বছর অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।
সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হবে। সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজসম্পদ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজার। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও রয়েছে। অন্তত পাঁচটি চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।
এই সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে।
সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশা করা হচ্ছে।