জাতীয়

আমার অভিযোগ সব ডাক্তারদের বিরুদ্ধে নয়: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

আমার অভিযোগ সব ডাক্তারদের বিরুদ্ধে নয়: আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে সম্প্রতি করা তার মন্তব্যকে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, তার অভিযোগ একশ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের জন্য প্রযোজ্য নয়।

সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামের পোস্টে আসিফ নজরুল লিখেছেন, গতকাল একটি অনুষ্ঠানে তিনি কিছু মন্তব্য করেছেন। শুরুতে নিজের রোগী হিসেবে ভালো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য নয়। অনেক ডাক্তার আছেন যারা ভালো সেবা দেন, কিন্তু কিছু ক্ষেত্রে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে, কিছু প্রশ্ন আকারে করেছি।”

তিনি অভিযোগ করেছেন, যখন পত্রপত্রিকা তার মন্তব্য ছাপিয়েছে, তখন পুরো বক্তব্য প্রকাশিত হয়নি। ফলে পাঠক মনে করতে পারেন যে তিনি সব ডাক্তারকে সমালোচনা করেছেন—যেমন রোগীর কথা মন দিয়ে না শোনা, অতিরিক্ত পরীক্ষা করানো বা ওষুধ কোম্পানির সাথে যোগযোগ। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, এসব অভিযোগ সব ডাক্তারদের জন্য নয়, শুধুমাত্র কিছু নির্বাচিত ক্ষেত্রে প্রযোজ্য।

ড. আসিফ নজরুল আরও বলেন, “দেশের বহু ডাক্তার অত্যন্ত সততা, ত্যাগ ও দক্ষতার সঙ্গে রোগীদের সেবা করেন। এমন ডাক্তারদের কাছে আমার বক্তব্যের কারণে মনোবেদনা হতে পারে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।” তবে তিনি যোগ করেছেন, “যেসব ক্ষেত্রে অভিযোগ সত্যি হতে পারে, সেগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও আমি করছি।”