জাতীয়

আন্তর্জাতিক সংলাপ উদ্বোধনে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম

আন্তর্জাতিক সংলাপ উদ্বোধনে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট নিরসনে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ উদ্বোধনের জন্য কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত “স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শীর্ষক এ সংলাপে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সংলাপ মূলত আসন্ন সেপ্টেম্বরের নিউইয়র্ক বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে কাজ করবে। এর বিশেষ তাৎপর্য হলো—রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ, যেখানে তারা তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এসব মতামত নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, সংলাপটি চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে— মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবেলা, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলা, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল।

সংলাপ শেষে একটি “চেয়ার’স সামারি” তৈরি করা হবে, যেখানে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাংলাদেশে প্রায় ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে থেকেই লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিলেন। বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে বসবাস করছেন। সংকট নিরসনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।