জাতীয়

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি: সংগৃহীত

কারাগারে অসুস্থ হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বর্তমানে তাকে ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি সোমবার (২৫ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

খায়রুল হককে হাসপাতালে স্থানান্তর করা হয় হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার এবং জেলহাজতে যান।

প্রসঙ্গত, এ বি এম খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি থাকা অবস্থায় সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এসব ইস্যু নিয়ে তিনি দেশজুড়ে বিতর্কিত হয়ে ওঠেন।