জাতীয়
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি বুয়েট ভিসির আহ্বান
চলমান আন্দোলনে অংশ নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। একই সঙ্গে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এক সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, “শিক্ষার্থীদের দাবি আমি ন্যায্য ও যৌক্তিক মনে করি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে আছি। তবে একইসঙ্গে অনুরোধ করব—আপনারা যেন ঘরে ফিরে যান এবং আন্দোলন শান্তিপূর্ণ রাখেন।”
এর আগে, দুপুরের পর শাহবাগ মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'র দিকে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
পরে বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে পাঁচ দফা দাবি ঘোষণা করে। তারা জানায়, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং কোনো ধরনের পুলিশি বাধা ছাড়া আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা আরও জানায়, প্রধান উপদেষ্টার প্রতিনিধি নয়, বরং সংশ্লিষ্ট উপদেষ্টাদের স্বশরীরে এসে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে কথা বলতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, “পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না। প্রকৌশল খাতে যে অবমূল্যায়ন চলছে, সেটিই আমাদের দাবি তুলে ধরতে বাধ্য করেছে।” এই উপলক্ষে শিক্ষার্থীরা ‘প্রকৌশল খাতের অপমৃত্যু’ বলে উল্লেখ করে গায়েবানা জানাজাও আদায় করেন।
উল্লেখ্য, ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জড়ো হন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মূল দাবি—পদবি ও নিয়োগ প্রক্রিয়ায় প্রকৌশলীদের স্বীকৃতি, মেধার ভিত্তিতে গ্রেডভিত্তিক পদোন্নতি এবং প্রকৌশলী উপাধি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার শর্ত আরোপ।