জাতীয়

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই, আইন প্রয়োগে বাধ্য হবো: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই, আইন প্রয়োগে বাধ্য হবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও রাস্তা অবরোধের ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই। এ ধরনের পদক্ষেপে লাখো মানুষ জিম্মি হয়ে পড়ছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নের আসন সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগে যে সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল, সেটিকে অন্য আসনে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। তিনি স্পষ্ট করে বলেন, “এটা পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কমিশন যুক্তি-তর্ক ও বিভিন্ন দিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, এ সিদ্ধান্তে যদি স্থানীয়দের ক্ষোভ থেকেই থাকে, তবে তা আইনসম্মত ও যথাযথ চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা উচিত ছিল। কিন্তু বিষয়টি কেন্দ্র করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই কাম্য নয়। “এই দুটি ইউনিয়নে কতজন মানুষ আর কতজন ভোটার আছেন, অথচ তারা লাখ লাখ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না,” সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আসন্ন নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, নিরাপত্তা প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত এ সমস্যার সমাধান না হয়, তবে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”