জাতীয়
বিএনপি-জামায়াত প্রশাসন ভাগ করে নিয়েছে: তথ্য উপদেষ্টা
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনে প্রভাব বিস্তার করে ভাগ-ভাটোয়ারার মাধ্যমে দখল নিয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মনে করেন, গণমাধ্যমের বড় অংশ এখনো ব্যবসায়ী ও গোষ্ঠীগত স্বার্থ রক্ষায় কাজ করছে, যা দেশের জন্য ক্ষতিকর।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, “গণমাধ্যমকে অবশ্যই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য জরুরি। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে গণমাধ্যমের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট প্রভাবমুক্ত না করলে গণমাধ্যমকেও ফ্যাসিস্টমুক্ত করা যাবে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দিয়ে বরং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতে হবে।”
বৈঠকে অন্যান্য আলোচকরাও গণমাধ্যমের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকারের সময়ে গণমাধ্যমে যে অনিয়ম, প্রভাব ও সীমাবদ্ধতা ছিলো, তা দূর করার সুযোগ অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা অভিযোগ করেন, অনেক গণমাধ্যমের চরিত্র সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়।
এছাড়া সংবাদ প্রকাশে বিভিন্ন এজেন্সির অতিরিক্ত নিয়ন্ত্রণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। আলোচকদের মতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে হলুদ সাংবাদিকতা ও গোষ্ঠীগত প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।