জাতীয়
দেশে ফিরেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আটজন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। নিহতদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং একজন রাউজানের।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে নিহত সাতজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, সকাল সাড়ে নয়টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে নিজ নিজ গ্রামে দাফন করা হয়। একইভাবে রাউজানের চিকদাইর ইউনিয়নের আলাউদ্দিনকেও নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন— সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল, রহমতপুরের মো. রনি এবং রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে আলাউদ্দিন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় একটি মাছবাহী বড় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সন্দ্বীপের সাতজনসহ মোট আটজন বাংলাদেশি নিহত হন।
নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত এবং ওমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতদের পরিবার।