জাতীয়

জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:২২ পিএম

জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের
ছবি: সংগৃহীত

সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, “সাংবিধানিক আদেশ দেওয়ার পর এবং জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের আগে সরকার যেন গণভোট অনুষ্ঠান করে— আমরা এটি লিখিতভাবে জানিয়েছি। পাশাপাশি সরকারকে অবিলম্বে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে গণভোটের তফসিল প্রণয়নের আহ্বান জানিয়েছি।”

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ আরও বলেন, “গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য আগে থেকেই ছিল এবং এখনও আছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনকে সবাই অত্যাবশ্যকীয় মনে করেছে।”

তিনি জানান, “সে বিবেচনায় জাতীয় ঐকমত্য কমিশন গণভোটের প্রস্তাব দিয়েছে। তবে গণভোটের তারিখ ও লজিস্টিক বিষয়ে কমিশনের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় সময় নির্ধারণের সিদ্ধান্ত সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দল দীর্ঘদিন ধরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।