জাতীয়

অনলাইন জুয়ায় জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

অনলাইন জুয়ায় জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ছবি: সংগৃহীত

অনলাইন জুয়া প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে অনলাইন জুয়ায় জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করা হবে।”

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে অনুষ্ঠিত ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অনলাইন জুয়া বন্ধে বিটিআরসি ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে নোটিশ পাঠিয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে। “এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সরকারি সংস্থা, টেলিকম অপারেটর ও প্ল্যাটফর্মগুলো তথ্য শেয়ার করে নজরদারি চালাবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, যারা অনলাইন বেটিংয়ে জড়িত, তাদের মোবাইল নম্বরের ইন্টারনেট স্পিড সীমিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

online_beting1_Dhakaprokash.jpg
‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক বৈঠক। ছবি: সংগৃহীত

দেশকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে হলে জুয়া চক্রের মূল ও সুডো সদস্যদের শনাক্ত করা, ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে বেটিং লিংক ধীর করা এবং এমএফএস লেনদেন পর্যবেক্ষণের ওপর জোর দেন ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা, অর্থপাচার রোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সব স্টেকহোল্ডারকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সভায় জানানো হয়, মিডিয়া হাউসগুলোর ওয়েব ব্রাউজার ও অ্যাডসেন্স ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা তথ্য মন্ত্রণালয়ে ভেটিং প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদন পেলে তা সব মিডিয়াকে সরবরাহ করা হবে। পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপন সংক্রান্ত গাইডলাইনও প্রণয়নের শেষ পর্যায়ে রয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, “১৬ ডিসেম্বরের পর একজনের নামে সিম সংখ্যা ১০টিতে সীমিত করলে অনলাইন জুয়া প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখবে।”

বিকাশের এক প্রতিনিধি জানান, গত দুই সপ্তাহে জুয়া সংক্রান্ত অভিযোগে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে, এবং অনলাইন ট্র্যাকিং প্রক্রিয়া আরও উন্নত করা হচ্ছে।

সভায় অনলাইন জুয়া ও স্ক্যাম প্রতিরোধে মাদক অধিদপ্তরের মতো একটি বিশেষ সংস্থা গঠন এবং ক্রস-ডোমেইন মনিটরিং ব্যবস্থা জোরদারের প্রস্তাবও তোলা হয়।

বৈঠকে মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবা প্রদানকারী, আন্তর্জাতিক গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা ও এমএফএস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।