জাতীয়
অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, দেশে যে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে-তার মূল উৎস একজনই।
রবিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। ইউটিউবে বই দুটির অডিও সংস্করণও বিনামূল্যে শোনা যায়। ক্ষমতার লোভ কী- ১ লাখ বেলুন, নাকি বাসে আগুন?
তিনি আরও লিখেছেন, গণহত্যা, গুম-খুন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ, দুর্নীতি ও লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে-এখন সেই টাকার পাহাড়ে বসেই অরাজকতা সৃষ্টি করছে। উদ্দেশ্য একটাই-নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করা।
আওয়ামী লীগের ভেতরের একটি অংশ কীভাবে এখনো এমন শক্তিকে সমর্থন করে—সে প্রশ্নও তুলেছেন সোহেল তাজ। তার ভাষায়, এটা ভেবে আশ্চর্য লাগে যে এত কিছু জানার পরও কীভাবে আওয়ামী লীগের একটি অংশ ওদেরকে সমর্থন করে। এর মানে একটাই—ওরাই ছিল সুবিধাভোগী; আর এখন তাদের কর্মকাণ্ডের খেসারত দেবে নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীরা।
তার এই পোস্ট রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।