জাতীয়
ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক
রাজধানী ঢাকাসহ সারাদেশে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
নিহতদের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন রয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু রয়েছে। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক এবং নরসিংদীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়।
এদিকে রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। তারা হলেন- সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) এবং পরিচয় অজ্ঞাত এক ব্যক্তি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানানো হয়, বিভিন্ন হাসপাতালে বিপুলসংখ্যক আহত ভর্তি হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জন, নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন এবং ১০০ বেড হাসপাতালে ১০ জন আহত চিকিৎসা নিতে এসেছেন।
তাদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর অবস্থায় কয়েকজনকে ভর্তি এবং বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা আবহাওয়া অধিদপ্তর ৫.৭ বলে জানিয়েছে। উৎপত্তিস্থল ছিল নরসিংদী, গভীরতা ১০ কিলোমিটার।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।