জাতীয়

ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে নিহত বেড়ে ১০, আহত ৬ শতাধিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে নিহত বেড়ে ১০, আহত ৬ শতাধিক
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। নরসিংদীতে পাঁচজন, রাজধানীতে চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হালনাগাদ তথ্যে বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০৬ জন আহত ব্যক্তি। এর মধ্যে ভর্তি করা হয়েছে ১৬৭ জনকে। গুরুতর অবস্থায় অন্তত ১৬ জনকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া অনেক রোগী এখনো তথ্যের বাইরে থাকায় প্রকৃত আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

earthquake_death1_Dhakaprokash.jpg

নরসিংদীতে পাঁচজনের মৃত্যু-

নরসিংদী জেলায় নিহত পাঁচজন হলেন- গাবতলী এলাকার দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১১), পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ার কাজম আলী ভূঁইয়া (৭৫), ডাঙ্গা কাজিরচরের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের আজকিতলা গ্রামের ফোরকান (৪০)।

পুরান ঢাকায় ধস: তিনজনের প্রাণহানি-

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন তিনজন। তারা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

earthquake_death2_Dhakaprokash.jpg

মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে এক ব্যক্তি নিহত-

রাজধানীর মুগদায় একটি নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মারা গেছেন নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুগদা থানার এসআই উত্তম মিত্র জানান, নিহত মাকসুদ নোয়াখালীর রামগতি উপজেলার বাসিন্দা।

earthquake_death3_Dhakaprokash.jpg

নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যু-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

এদিকে ভূমিকম্পের পর ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। এখনো বিভিন্ন হাসপাতালে আহতদের ভিড় বাড়ছে।