জাতীয়

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়া অসংখ্য পরিবারের প্রতি গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশ্বস্ত করেছেন যে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

মঙ্গলবার মধ্যরাতে এক শোকবার্তায় তিনি বলেন, “কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে; এটি আমাদের সকলের জন্য গভীর দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে।”

এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

অধ্যাপক ইউনূস আরও জানান, অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং অনেক পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পাশে সরকারি সহায়তা দ্রুত পৌঁছানো জরুরি হয়ে পড়েছে। সরকারের ঘোষিত পুনর্বাসন সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।