জাতীয়
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকটি ছিল নিয়মিত এজেন্ডা অনুযায়ী হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন দলের ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ, এমনটিই বৈঠকে জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক কর্মকৌশলসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এই প্রেক্ষাপটে বিএনপি তার পরবর্তী করণীয় নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করছে।
বৈঠকের আলোচনার অংশ হিসেবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে, এবং দলের পক্ষ থেকে জানানো হয়—তিনি খুব শিগগিরই ফিরে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা এবং আলোচনা হয় দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ কর্মকৌশল পর্যন্ত।