জাতীয়

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, বাতিল এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, বাতিল এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। এর জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি থাকলেও শেষ মুহূর্তে সেই অনুমতি প্রত্যাহারের আবেদন করেছে অপারেটর প্রতিষ্ঠান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বে নেওয়া স্লট অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এর ফলে মঙ্গলবার খালেদা জিয়ার লন্ডন যাত্রা আর হচ্ছে না।

এর আগে গত রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাতে ৯টায় খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ চ্যালেঞ্জার–৬০৪ মডেলের বোম্বার্ডিয়ার বিজনেস জেটটি ভাড়া নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছিল। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে বহুল ব্যবহৃত এই বিমানটির সক্ষমতা ঢাকা–লন্ডন যাত্রার জন্য উপযোগী বলে পরিচিত।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনির জটিলতাসহ বহু দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি বাতিল হওয়ায় আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রার অনিশ্চয়তা আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।