জাতীয়

ভাইরাল ট্রেনের যাত্রী হাদীকে গুলি করা ব্যক্তি নয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ভাইরাল ট্রেনের যাত্রী হাদীকে গুলি করা ব্যক্তি নয়
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দাবি করা হয়, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সিলেটগামী ট্রেনে পালিয়ে যাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

তবে রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি হাদি হত্যাচেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ভিডিওতে থাকা ব্যক্তির নাম আবুবক্কর সিদ্দিক ইমন (২৫)। তিনি একজন সাধারণ যাত্রী। তার পিতা আবুল কালাম, মাতা সুলতানা বেগম। বাড়ি চট্টগ্রাম মহানগরীর পশ্চিম নাসিরাবাদ এলাকায়। ইমন প্রায় ১০ দিন আগে নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকিট কেটেছিলেন। যাত্রার সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা—পিতা, মাতা, স্ত্রী নুপুর, কন্যা সোহানা এবং দুই খালা বিলকিস ও জান্নাতুল ফেরদৌস। তদন্তে তাদের কারও বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হাদির হত্যাচেষ্টার প্রকৃত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ধরতে মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। অভিযুক্তদের পাসপোর্ট ব্লকসহ সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

রেলওয়ে পুলিশ স্পষ্ট করেছে, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তি সিলেটগামী ট্রেনে পালিয়ে যাওয়া কোনো হত্যাচেষ্টা অভিযুক্ত নন। যাচাই ছাড়া ভিডিওটি ছড়িয়ে পড়ায় একজন নিরপরাধ ব্যক্তি সামাজিক বিভ্রান্তির শিকার হয়েছেন।