জাতীয়

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ এএম

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আজ ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে ব্রিফিংয়ে অংশ নেবেন।

এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়, সমন্বয় ও প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এই ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।