জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন হিসেবে তার অবদান দেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

জাতিসংঘের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় ও আপসহীন ভূমিকা পালন করেছিলেন। তার প্রয়াণের ফলে দেশের রাজনীতিতে এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর হারালো।