জাতীয়
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান
আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রকাশ করেন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব প্রদান করা হয়।
আজকের সৌজন্য সাক্ষাৎটি তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক। সূত্র জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংক্রান্ত বিষয়গুলো আলোচনার প্রধান প্রাধান্য পেতে পারে। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।