জাতীয়
সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ৩২৫ জন
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আইএসপিআর জানায়, এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন ও ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, চোরাকারবারিসহ মোট ৩২৫ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ৪১৯ রাউন্ড গোলাবারুদ, ১৪টি ককটেল, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর আরও জানায়, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলে নিকটস্থ সেনাক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।