জাতীয়
পোস্টাল ভোটিং পদ্ধতি নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন প্রক্রিয়া এবং ভোট প্রদানের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট–২) এই ব্রিফিং সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
নির্বাচন কমিশন জানায়, প্রতীক বরাদ্দের পর দেশ ও বিদেশে অবস্থানরত নিবন্ধিত ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপ (portal.ocv.gov.bd) ব্যবহার করে ভোট প্রদান করতে পারবেন। পোস্টাল ভোটিং পদ্ধতিকে আরও স্বচ্ছ, সহজ ও অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।