জাতীয়

‘ভোট পর্যবেক্ষণে আসছে ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম

‘ভোট পর্যবেক্ষণে আসছে ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ব-উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৮৩ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৬ জন অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাঁচটি সংস্থা আমন্ত্রণ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে। এ ছাড়া আরও কিছু সংস্থার কনফারমেশন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আমন্ত্রণে কমিশনের দুটি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একটি পদ্ধতিতে কমিশন নিজ উদ্যোগে আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে। অন্যদিকে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত আমন্ত্রণ (ওপেন ইনভাইটেশন) দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার আগ্রহ জানিয়েছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরও দেখা যেতে পারে এই সংখ্যাটি আরও বেড়ে গেছে।”

বিদেশি অতিথিদের ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের অন-অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি যাত্রার আগেই ভিসা সংগ্রহ করতে না পারেন, তাহলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা থাকবে। এ জন্য বিমানবন্দরে একটি বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে।

এ ছাড়া নির্বাচন কমিশনের আমন্ত্রিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের রাজধানীর একটি অভিজাত হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। সেখানে একটি হেল্প ডেস্ক ও মিডিয়া সেল স্থাপন করা হবে, যেখান থেকে বিভিন্ন কার্যক্রম ও পর্যবেক্ষণ কার্যক্রমে সমন্বয় করা হবে। বিদেশি অতিথিদের সহায়তায় সার্বক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন।

ইসি সচিব আরও জানান, বর্তমানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। পর্যায়ক্রমে এই সংখ্যা প্রায় ৩০০ জনের কাছাকাছি পৌঁছাতে পারে বলে কমিশনকে জানানো হয়েছে। পাশাপাশি কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ১০ জন পর্যবেক্ষক আসবেন বলে নিশ্চিত করা হয়েছে। তুরস্ক থেকেও প্রায় ৯ জন পর্যবেক্ষক আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, যেসব দেশের বাংলাদেশে ভিসা ফ্যাসিলিটি বা কূটনৈতিক মিশন নেই, সেসব দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের ধারণা, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে উপস্থিত থাকবেন।