জাতীয়

জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান
ছবিঃ সংগৃহিত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর সফরে এসে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ আমরা জানি। জুলাইয়ে তাদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে। তাই এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেজন্য গণভোটে ‘হ্যাঁ‘ হোক এটা আমরা (সরকার) চাই। 

তিনি আরও বলেন, গণভোট নিয়ে রংপুরের প্রশাসনের সঙ্গে আমি কথা বলব। দেশে ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের এই চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট। গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ও যারা ফ্যাসিবাদের সহযোগী, তারাই গণভোটে ‘হ্যাঁ’- এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ গণভোট নিয়ে তাদের অন্য চিন্তা রয়েছে।

আসন্ন নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। একইসঙ্গে সাধারণ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি, নির্বাচন যেন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

 এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের কর্মকর্তারা।