জাতীয়

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ঘিরে রাজধানীর যমুনা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

সকালে সরকারি কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে যমুনার সামনে অবস্থান নেন। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে। আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেড ও জলকামানের মুখে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

তবে কিছুক্ষণ পর পুনরায় জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনামুখী সড়কে এই সংঘর্ষ চলতে থাকে, যা মাঝে থেমে আবার শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তেজনাকর অবস্থার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং সেখানেই তিনি ১৪৪ ধারা জারির তথ্য দেন।

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।