জাতীয়
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। সংগঠন সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বিচারের দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে তারা সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তারা ব্যারিকেড ভাঙতে চাইলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে।
পরে বিকেল ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্যসচিব ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে।
সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে শুধু এতটুকু বলব, ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব’।