জাতীয়

সারা দেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

সারা দেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সব ধরনের ড্রোন ও রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বিবেচনায় এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সঙ্গে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান গবেষণা, জরিপ, কৃষিকাজ, পরিবীক্ষণ কিংবা কোনো অনুষ্ঠান সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চাইলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে বেবিচকের কাছে আবেদন করে সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

বেবিচক আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে ‘বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭’-এর ২৪ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।