জাতীয়

দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৩-এ নেদারল্যান্ডসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকার দেশে নিয়ে আসে।

নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শূন্য হলে প্রায় এক বছর আগে, অর্থাৎ ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে কর্মরত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইউনূস সরকারের উপদেষ্টা এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার বিভিন্ন কর্মকর্তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।

দেশের বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে, ফয়েজ তৈয়্যব আজ সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেছেন। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস।

বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট (NMF001DH5) ব্যবহার করেছেন।

জানা গেছে, দেশত্যাগ বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে বাধা দেওয়া হয়নি।

সূত্র: এশিয়া পোস্ট