জাতীয়
রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক: মির্জা ফখরুল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে এ তথ্য জানানো হয়।
বাণীতে মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা। পবিত্র এই মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে একান্তভাবে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে তাঁর বান্দাকে ক্ষমা করে দেন। রোজা মানুষের আত্মশুদ্ধি ও সংযমের অনন্য মাধ্যম হিসেবেও কাজ করে।
তিনি আরও বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন- ‘রমজান মাস, যাতে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণেই রমজানের গুরুত্ব ও তাৎপর্য অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি।
বাণীতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান ইবাদতের এক বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। এ মাসের মূল উদ্দেশ্য হলো পাপাচার থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।
শেষে বিএনপির মহাসচিব মাহে রমজানের পবিত্রতা ও সংযমের মধ্য দিয়ে দেশ ও জাতির জীবনে শান্তি, স্বস্তি এবং সার্বিক কল্যাণ ফিরে আসুক-এই কামনা করেন।