জাতীয়

দায়িত্ব শেষে কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

দায়িত্ব শেষে কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস?
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি সেখানেই রয়েছেন।

নিয়ম অনুযায়ী তিনি আরও তিন মাস যমুনায় থাকতে পারতেন, তবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এটি ছেড়ে দেওয়ার। এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যমুনা পরিদর্শন করেন।

ঘনিষ্ঠ সূত্র জানায়, ড. ইউনূস যমুনায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। মাস খানেক বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

ড. ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকেই যমুনায় বসবাস করছেন। ঘনিষ্ঠরা জানান, তিনি ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র ও সাংগঠনিক কাজ করছেন। পাশাপাশি অসুস্থ স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তরুণদের জন্য নতুন উদ্যোগের পরিকল্পনা করছেন।

তাঁর ভিশন ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ওপর ভিত্তি করে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন, তবে এখনও কোনো চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়নি। বিদেশ থেকেও তাঁকে বক্তৃতা ও সফরের আমন্ত্রণ এসেছে, যেগুলো ভার্চুয়ালি বা সশরীরে দেওয়ার বিষয়েও কাজ চলেছে।

যমুনায় ড. ইউনূসের দিন শুরু হয় সকাল ১০টায়। অফিসের কাজ শেষে তিনি অসুস্থ স্ত্রীর সঙ্গে থাকেন এবং বিকেলে ৫টার দিকে আবার হাঁটাহাঁটি করেন। এছাড়া ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন ও মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গে সময় কাটান।

এছাড়া সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও উপদেষ্টারা প্রায় ২০ জন হস্তান্তর করেছেন।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট গঠিত হয়। প্রায় দেড় বছরের শাসনের পরে ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর বিএনপি নেতৃত্বে তারেক রহমান সরকার গঠন করেন।