জাতীয়

স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে চীন-এর চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে চীনের সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণে চীন তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না-তা সাধারণ হাসপাতাল হোক কিংবা বিশেষায়িত হাসপাতাল।

তিনি আরও জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল পাঠানো হয়েছে। পাশাপাশি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য ৮২টি চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। বাংলাদেশি মেডিকেল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের আবাসনের বিষয়েও চীন সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন করাই অধিক যৌক্তিক, কারণ অঞ্চলটি তুলনামূলকভাবে অনুন্নত ও অবহেলিত।