জাতীয়
চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব অপরাধীর একটি নিরপেক্ষ তালিকা তৈরি করে দ্রুত অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাকে কেন্দ্র করে এই অভিযান শুরু হলেও পর্যায়ক্রমে সারাদেশেই চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নিরপেক্ষভাবে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ডিএমপি সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং রাজধানীর ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো শুনে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অতীতে একটি ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুলিশ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করে আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে এবং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে।